প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 13, 2025 ইং
যশোরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত, আক্রান্ত এক নারী

হানিফ আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি::
যশোরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। ইতিমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইবনেসিনা হসপিটালে নমুনা পরীক্ষার পর ওই নারীর শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়ে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ইবনেসিনা হসপিটালের এক কর্মকর্তা জানান, শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি লাগা অবস্থায় ওই নারীকে হসপিটালে ভর্তি করা হয়। রোগীর উপসর্গ দেখে দায়িত্বরত চিকিৎসকের সন্দেহ হলে করোনাভাইরাস পরীক্ষার নির্দেশনা দেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তার নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, আক্রান্ত নারীর বাড়ি সাতক্ষীরার কলারোয়ায়। তার এক মেয়ে যশোর শহরের চাকরি করেন। মেয়ের কাছে থাকা অবস্থায় ওই নারী অসুস্থ হয়ে পড়েন। যশোর ইবনেসিনা হসপিটালে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনার ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ইবনেসিনা হসপিটাল কর্তৃপক্ষ বিষয়টি জানানোর পর আক্রান্ত নারীকে জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির ব্যবস্থা করা হয়। আগের চেয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
তত্ত্বাবধায়ক আরও জানান, করোনার উপসর্গ নিয়ে একাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। কিন্তু কিটের অভাবে তাদের করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রনালয়ে কিটের চাহিদাপত্র পাঠানো হয়েছে। ইতিমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষার জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। সেখানে মেশিনারীজ থাকলেও কিট নেই। ফলে এখনি করোনা পরীক্ষা সম্ভব নয়।
যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, চারপাশে কোভিড-ওমিক্রন আতঙ্ক বিরাজ করছে। যশোর ইবনেসিনা হসপিটালে চিকিৎসাধীন এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানতে পেরেছি। সেখানকার ডাক্তার ওই রোগীর চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঠিয়েছেন। তিনি নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলা, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করতে হবে। নির্দিষ্ট সময় পর পর হাত সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলা। ব্যবহার্য জিনিসপত্র জীবাণুনাশক পদার্থ দিয়ে পরিষ্কার করে নেয়া। দরজার হাতল, সুইচ, লিফটের বাটন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখুন ও মাস্ক ব্যবহার করতে হবে। আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, কোভিড-ওমিক্রন এক্সবিবি এর লক্ষণগুলি হলো জ্বর কাশি ছাড়াই মাথা, গলা, পিঠ ও জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া, ক্লাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পাবে। । এর ফলে ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে। ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি ও তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24